ঢাকায় পাকিস্তানি তৎপরতায় চীনের যোগসাজশ নিয়ে দিল্লির উদ্বেগ
চার দিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন চীন সফর শেষে সে দেশের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের মতে, এই সফরের মূল উদ্দেশ্য ছিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরের মসৃণ প্রস্তুতি।
ভারতের সাউথ ব্লক বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কার্যকলাপের পেছনে চীনের ভূমিকা খতিয়ে দেখতে আগ্রহী। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি দিয়ে ঢাকাকে সমর্থন করা কঠিন। ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহার করতে চাইলে ইসলামাবাদের তেমন কৌশলগত সম্পদ নেই।
কূটনৈতিক শিবির মনে করছে, গোটা ঘটনায় চীনের ভূমিকা কতটা, তা বিশ্লেষণ করা প্রয়োজন। ঢাকায় আইএসআই-এর সক্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “প্রতিবেশী দেশের ঘটনাবলি আমাদের নিরাপত্তার সঙ্গে যুক্ত হলে আমরা তা নজরে রাখব এবং প্রয়োজন হলে পদক্ষেপ করব।”
এদিকে, তৌহিদ হোসেনের সাম্প্রতিক চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে। জানা গেছে, খুব শিগগিরই ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক গভীর করার পাশাপাশি আঞ্চলিক ও কৌশলগত বিষয় নিয়েও আলোচনা হবে।
চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের রোগীদের জন্য ইউনান প্রদেশের কুনমিং শহরে চিকিৎসা সুবিধা প্রদান এবং সেই অনুযায়ী হাসপাতালগুলোর পরিকাঠামো পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। এই পদক্ষেপ ভারতকে ভাবাচ্ছে, কারণ ভারতে ভিসা কঠোর হওয়ার পর বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসার বিকল্প হয়ে উঠছে চীন।
চীনের এমন আগ্রাসী কূটনৈতিক পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ওয়াং ই বাংলাদেশকে সার্বভৌমত্ব, স্থিতিশীলতা, এবং উন্নয়নের প্রশ্নে চীনের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি ওয়াশিংটন সফরে বাংলাদেশের চীন-ঘনিষ্ঠতা এবং আইএসআই-এর প্রভাব বৃদ্ধির বিষয়ে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে আলোচনা করেছেন।
এছাড়া, পাকিস্তান আয়োজিত ‘আমন-২৫’ মহড়ায় এই প্রথমবার অংশ নেবে বাংলাদেশের নৌবাহিনী। ঢাকায় পাকিস্তানি প্রতিনিধিদের সফরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের কারণে সার্ক কার্যত অচল হয়ে পড়েছে। তবে ইউনূসের সার্ক পুনরুজ্জীবনের উদ্যোগ নয়াদিল্লিকে নতুন চাপের মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
(এই প্রতিবেদন আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে।)
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন