প্রথম দিনেই অবৈধ অভিবাসী বিতাড়নের হুঁশিয়ারি ট্রাম্পের
অনলাইন ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প আজ, ২০ জানুয়ারি, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে কঠোর পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের আগের দিন, রবিবার ওয়াশিংটনে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "কাল সূর্যাস্তের পর থেকে আমাদের দেশে অনুপ্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ হবে।"
ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনাতে আয়োজিত ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক বিজয় সমাবেশে তিনি আরও উল্লেখ করেন, অবৈধ অভিবাসীদের বিতাড়নের জন্য ইতিহাসের সবচেয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর আওতায় লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, "এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন। ৭৫ দিন আগে আমরা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। আমাদের দেশ এমন কিছু আগে কখনো দেখেনি। সোমবার থেকে ঐতিহাসিক শক্তি প্রয়োগ করে আমি আমাদের দেশের প্রধান সমস্যাগুলোর সমাধান শুরু করব।"
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল হামলার পর এটি ওয়াশিংটনে ট্রাম্পের প্রথম বড় সমাবেশ। সেই হামলার প্রসঙ্গে তিনি এবার বলেন, "আমি দায়িত্ব নিলে ক্যাপিটল হিল হামলায় অভিযুক্ত দেড় হাজারেরও বেশি মানুষকে ক্ষমা করে দেব।"
সোমবার শপথ গ্রহণের পর তিনি একটি ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে তার পরিকল্পনা এবং লক্ষ্য নিয়ে তিনি ওই ভাষণে বিশদ আলোচনা করবেন।
সূত্র: রয়টার্স
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন