নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে, যা ইতোমধ্যে শহরটির উত্তরাঞ্চলে ৯ হাজার ৪০০ একর (৩৮ বর্গ কিলোমিটার) এলাকা গ্রাস করেছে। গতকাল বুধবার থেকে শুরু হওয়া এই দাবানলে প্রায় ৩১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) উত্তরে এই দাবানল ছড়াচ্ছে। শুকনো ঝোপঝাড় এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এই আগুন ‘হিউজ ফায়ার’ নামে পরিচিত হয়ে উঠেছে এবং এটি অঞ্চলটির দমকল বাহিনীর ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে। তবে মেট্রোপলিটন এলাকায় জ্বলতে থাকা দুটি বড় দাবানল ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল কর্মীরা।
নতুন এই দাবানল ‘ইটন ফায়ার’-এর অর্ধেক আকার ধারণ করেছে, যা এই মাসের শুরুর দিকে ছড়িয়ে পড়া অন্যতম ভয়াবহ দাবানল ছিল। ক্যাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের জন্য জীবনঝুঁকির সতর্কতা জারি করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ। এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশে প্রবল বাতাসের কারণে জরুরি সতর্কতা অবস্থা বহাল রয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, প্রায় ৩১ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও ২৩ হাজার মানুষের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট বিভাগ জানিয়েছে, তাদের ৭ লাখ একর (২ হাজার ৮০০ বর্গ কিলোমিটার) বন সম্পূর্ণভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) জানিয়েছে, আগুন মোকাবিলায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে এক হাজার ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।
গত ৯ মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় দাবানলের ঝুঁকি বেড়েছে। তবে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ ক্ষেত্রে বৃষ্টি হলে দমকল কর্মীরা কিছুটা স্বস্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন