নেতৃত্বে আসছেন কারা? তরুণদের দলের গঠনতন্ত্র তৈরিসহ প্রস্তুতি চলছে
পূর্বঘোষিত সময় অনুযায়ী, তরুণদের রাজনৈতিক দল ফেব্রুয়ারির মাঝামাঝি আত্মপ্রকাশ করবে। বাকি আছে মাত্র তিন সপ্তাহ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। দলীয় গঠনতন্ত্রে কী থাকবে এবং নেতৃত্বে কারা আসবেন—এসব নিয়ে চলছে পরিকল্পনা ও চূড়ান্ত প্রস্তুতি। বেড়েছে মাঠপর্যায়ের তৎপরতাও।
জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, দল ঘোষণার একদম শেষ পর্যায়ে গঠনতন্ত্র এবং শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করা হবে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ১১ পরিচিত মুখ শীর্ষ নেতৃত্বের শর্টলিস্টে রয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল দাবি, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যনির্ভর এই দল গঠনে কাজ করছেন অভ্যুত্থানের তরুণ নেতারা। ফেব্রুয়ারির ১০ থেকে ২০ তারিখের মধ্যে নতুন দলের নাম ও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
কমিটির সম্ভাব্য শর্টলিস্টে রয়েছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টা—নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম। এ ছাড়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ—হাসনাত আবদুল্লাহ, আরিফ সোহেল ও উমামা ফাতেমা—শর্টলিস্টে রয়েছেন।
জাতীয় নাগরিক কমিটির নেতারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের তিন ছাত্র উপদেষ্টাকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দল ঘোষণার আগে এ বিষয়ে আলোচনা চলবে। সরকারের সঙ্গে দলে যোগদানের সুবিধা বিবেচনায় একজন বা দুজন পদত্যাগ করে দলে আসতে পারেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্ত না হওয়ায় কেউ আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
নতুন দলের নাম নিয়ে নাগরিক কমিটির নেতৃবৃন্দ জানান, এখন পর্যন্ত শতাধিক নাম প্রস্তাব এসেছে। সেখান থেকে কিছু নাম শর্টলিস্ট করা হয়েছে, যা দল ঘোষণার দিন চূড়ান্তভাবে জানানো হবে।
গঠনতন্ত্রের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন বলেছেন, “আমরা এমন একটি সাংগঠনিক কাঠামো তৈরি করতে চাই, যেখানে তৃণমূল থেকে যোগ্যতার ভিত্তিতে শীর্ষ নেতৃত্বে ওঠার সুযোগ থাকবে। দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ যেন নতুন দলের গঠনতন্ত্রকেও নিজেদের বলে মনে করতে পারে, সে বিষয়েও আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, “নতুন দিনের বাংলাদেশ নির্মাণে মুখপাত্র হিসেবে ভূমিকা রাখার মতো একটি গঠনতন্ত্র তরুণ সমাজ ও রাজনীতিপ্রেমী মানুষের সামনে তুলে ধরতে চাই।”
Referance, Bangladesh Protidin.
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন