এবারের বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হবে


ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী



এবারের বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হবে

আগামী মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। এ সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশের বক্তব্যের ‘টোন’ আগের চেয়ে আলাদা ও দৃঢ় হবে।



আজ বুধবার সচিবালয়ে সম্মেলন প্রস্তুতি নিয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয় সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলো তুলে ধরতে গিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতীয় নাগরিক, বিএসএফ বা অন্য কেউ যেন বাংলাদেশি নাগরিকদের হত্যা না করে, সে বিষয়ে কঠোর অবস্থান জানানো হবে। বিশেষ করে, সীমান্তে কৃষিকাজ করার সময় বিএসএফ বা দুষ্কৃতকারীদের দ্বারা বাংলাদেশি নাগরিকদের আটক হওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।



স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্ত লঙ্ঘন করে অবৈধ পারাপার রোধ, সীমান্ত এলাকায় ফেনসিডিলসহ মাদক উৎপাদন বন্ধ, এবং দুই দেশের অনুমোদন ছাড়া কোনো কাজ না করার বিষয়েও আলোচনা হবে। তিনি উল্লেখ করেন, ভারতীয় গণমাধ্যমের প্রচারিত মিথ্যা সংবাদ কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।

নদীর পানির ন্যায্য বণ্টন, পানি চুক্তির বাস্তবায়ন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিষয়গুলোও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হবে বলে জানান তিনি।



এছাড়া, ভারতের সঙ্গে ২০১০ সালে স্বাক্ষরিত চুক্তির অসামঞ্জস্যতা নিয়েও আলোচনা হবে। চুক্তিটি আরও সুষ্পষ্ট ও সমতা বজায় রেখে হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক আগের সম্মেলনগুলোর আলোচ্য বিষয়ের সঙ্গে এবারের পার্থক্য সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নতুনত্ব হলো এবারের আলোচনার ধরন ও আমাদের কণ্ঠস্বরের দৃঢ়তা। এবার আমাদের অবস্থান আরও স্পষ্ট ও জোরালো হবে।’



এই বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) মো. খোদা বখস চৌধুরী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...