পাঁচ বছর পর ফের শুরু মানস সরোবর যাত্রা, পুনরায় চালু হচ্ছে ভারত-চিন সরাসরি উড়ান
পাঁচ বছর পর ফের শুরু হচ্ছে মানস সরোবর যাত্রা। ভারত-চিন সম্পর্কের নতুন দিক উন্মোচন করে সম্প্রতি বেজিংয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী এবং চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, ভারত-চিন সরাসরি উড়ান পরিষেবাও পুনরায় চালু করার কথা জানানো হয়েছে।
বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ২০২৫ সালের গ্রীষ্ম থেকে কৈলাস-মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হবে। চুক্তি অনুযায়ী এ সংক্রান্ত প্রক্রিয়া ঠিক করতে আলোচনা চলবে। একইসঙ্গে জলবিদ্যুৎ তথ্য আদান-প্রদান এবং আন্তঃসীমান্ত নদী নিয়ে সহযোগিতা পুনরুদ্ধারের বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও উল্লেখ করা হয়েছে।
কৈলাস-মানস যাত্রা মূলত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়। সিকিমের নাথু লা এবং উত্তরাখণ্ডের লিপুলেখ পাস দিয়ে পুণ্যার্থীরা চিন অধিকৃত তিব্বতে প্রবেশ করেন। এরপর চিনা প্রশাসনের নিরাপত্তার মধ্যে কৈলাস পৌঁছানো হয়। ২০২০ সালে কোভিড অতিমারীর কারণে যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল। একই বছরে গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন, যা দুই দেশের সম্পর্ককে তীব্র সংকটে ফেলে।
তবে সাম্প্রতিক সময়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা পিছিয়ে নেওয়ার সমঝোতা এবং সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় যাত্রা ফের শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, উত্তরাখণ্ডের পথে তাওয়াঘাট থেকে লিপুলেখ পর্যন্ত রাস্তাকে যানবাহন চলাচলের উপযোগী করেছে বর্ডার রোড অর্গানাইজেশন, যা যাত্রাকে আরও সহজ করবে।
এছাড়া, অতিমারীর কারণে বন্ধ থাকা কলকাতা-কুনমিং ও গুয়াংঝাওয়ের মতো ভারত-চিন সরাসরি উড়ান পরিষেবাও পুনর্বহাল হবে। এই পদক্ষেপ ভারত-চিন সম্পর্ককে নতুন দিশা দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Referance, আনন্দবাজার অনলাইন ডেস্ক
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন