২০২৬ সালের জানুয়ারিতে ডব্লিউএইচও ছাড়বে যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মাথায় তিনি ডব্লিউএইচও থেকে তাঁর দেশের সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে ঘোষণা দেন


২০২৬ সালের জানুয়ারিতে ডব্লিউএইচও ছাড়বে যুক্তরাষ্ট্র: জাতিসংঘ


 ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক চিঠি এরই মধ্যে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি পেয়েছে।

চিঠি পাওয়ার পর জাতিসংঘ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া নোটিশ অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারিতে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ডব্লিউএইচও থেকে কোনো সদস্য দেশ সরে যেতে চাইলে এক বছরের নোটিশ দিতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়।

গত সোমবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের নির্বাহী আদেশে সই করেন। একই সঙ্গে সংস্থাটিতে ভবিষ্যতে কোনো অর্থায়ন বন্ধের ঘোষণা দেন।

জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক জানান, গত সোমবার ট্রাম্পের ঘোষণার পর সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। ডব্লিউএইচও থেকে সরে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া চিঠিতে ২০২৫ সালের ২২ জানুয়ারির তারিখ উল্লেখ রয়েছে। নিয়ম অনুসারে, এক বছর পর, অর্থাৎ ২০২৬ সালের ২২ জানুয়ারিতে নোটিশ কার্যকর হবে।

এছাড়া, ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালককে নির্দেশ দিয়েছেন, ভবিষ্যতে ডব্লিউএইচওতে যুক্তরাষ্ট্র সরকারের কোনো অর্থ, সহায়তা বা সম্পদ প্রদান না করতে। ডব্লিউএইচওর সঙ্গে যুক্ত মার্কিন কর্মীরাও প্রত্যাহার করা হয়েছে। ডব্লিউএইচও নেতৃত্বাধীন মহামারি মোকাবিলার বৈশ্বিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণও নিষিদ্ধ করেছেন ট্রাম্প।

উল্লেখ্য, ডব্লিউএইচওর সবচেয়ে বড় আর্থিক সহায়তাকারী দেশ হলো যুক্তরাষ্ট্র, যা সংস্থার তহবিলে প্রায় ১৮ শতাংশ অনুদান প্রদান করে। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে ডব্লিউএইচও তাদের প্রধান আর্থিক সহযোগীকে হারাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, যক্ষ্মা, এইচআইভি/এইডসসহ বৈশ্বিক মহামারি মোকাবিলায় ডব্লিউএইচওর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কোন মন্তব্য নেই:

শিশুদের জন্য সিপরোসিন সিরাপ: ব্যবহার, ডোজ ও সতর্কতা

ভূমিকা সিপরোসিন সিরাপ (Ciprosin Syrup) হল সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin) নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল সংস্করণ, যা ব্যাকটেরিয়াজনিত সংক...