সমঝোতায় ট্রাম্প-পেত্রো: অভিবাসীবাহী উড়োজাহাজ নামবে, শুল্ক আরোপ হবে না
অভিবাসী এবং বাণিজ্যবিরোধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সমঝোতায় পৌঁছেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবাহী সামরিক উড়োজাহাজ কলম্বিয়ায় অবতরণ করতে পারবে। এদিকে, ট্রাম্প প্রশাসন কলম্বিয়ার ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ থেকে বিরত থাকবে।
গতকাল রোববার এই ইস্যুতে দুই নেতার মধ্যে উত্তপ্ত পাল্টাপাল্টি অবস্থান দেখা যায়। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবোঝাই দুটি সামরিক উড়োজাহাজের অবতরণে বাধা দেন। এর জবাবে ট্রাম্প কলম্বিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন।
ট্রাম্পের এই ঘোষণার পর প্রেসিডেন্ট পেত্রোও পাল্টা হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপরও শুল্ক আরোপ করবে কলম্বিয়া।
তবে উত্তেজনা বেশিদিন স্থায়ী হয়নি। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়, কলম্বিয়া যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিয়েছে। এতে বলা হয়, কলম্বিয়া যুক্তরাষ্ট্র থেকে সামরিক উড়োজাহাজে ফেরত পাঠানো সব অবৈধ অভিবাসীকে গ্রহণ করবে। ফলে ওয়াশিংটন কলম্বিয়ার ওপর আর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না।
এদিকে, কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিল্লো এক বিবৃতিতে বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে তৈরি হওয়া অচলাবস্থা আমরা কাটিয়ে উঠেছি।" স্থায়ী সমাধানের জন্য শিগগিরই কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রে দেশটির রাষ্ট্রদূত ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন।
উল্লেখ্য, কলম্বিয়া দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। দেশটি যুক্তরাষ্ট্রে আমদানি করা কফির ২০ শতাংশের জোগানদাতা, যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি ডলার। এছাড়া কলম্বিয়া থেকে কলা, অপরিশোধিত জ্বালানি তেল, অ্যাভোকাডো এবং ফুলসহ বিভিন্ন পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন