ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে যেতে পারেন মোদী, জানালেন ডোনাল্ড ট্রাম্প
সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কথোপকথনের পরে ট্রাম্প জানান, মোদী সম্ভবত আগামী ফেব্রুয়ারিতেই আমেরিকার হোয়াইট হাউসে সফর করবেন।
ট্রাম্পের সঙ্গে মোদীর ফোনালাপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তাঁর সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে। সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ়।” তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তিনি কেবল বলেন, সব গুরুত্বপূর্ণ বিষয়ই আলোচনায় উঠে এসেছে।
মোদী ও ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও বেশ সৌহার্দ্যপূর্ণ। ট্রাম্পের প্রথম রাষ্ট্রপতি মেয়াদের শেষ বিদেশ সফর ছিল ভারতে। ২০১৯ সালে হিউস্টনে অনুষ্ঠিত ‘হাউডি মোদী’ এবং ২০২০ সালে আহমেদাবাদের ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে দুই রাষ্ট্রনেতার অংশগ্রহণ তা প্রমাণ করে।
মোদীর দফতরের একটি সূত্র জানায়, ফোনালাপের সময় ট্রাম্প নতুন দ্বিপাক্ষিক আলোচনার সূচনা করেছেন। ফোনালাপের পরে মোদী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে। বিশ্ব শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করবে।”
দু’দেশের কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী হলেও ট্রাম্পের নীতিতে ‘আমেরিকা ফার্স্ট’ মনোভাব স্পষ্ট। তাঁর প্রশাসন ইতোমধ্যেই অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়নের উদ্যোগ নিয়েছে। ভারতও এ বিষয়ে সম্মত, এবং প্রাসঙ্গিক নথি থাকলে অবৈধ অভিবাসীদের ফেরত নেবে বলে জানিয়েছে।
এ ছাড়া, সম্প্রতি আমেরিকায় ভিসা প্রক্রিয়ার দীর্ঘ সময় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, “ভিসা প্রক্রিয়ায় দেরি হলে তা ব্যবসা, পর্যটন এবং মানুষের মধ্যে যোগাযোগে প্রভাব ফেলে। আমাদের সম্পর্কের ভিত্তি হল মানুষের সংযোগ, যা ভিসার জটিলতায় বাধাগ্রস্ত হতে পারে।”
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন