তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত নন ট্রাম্প
তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন কি না, তা নিয়ে আবারও মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সংবিধান অনুযায়ী তাঁর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে কোনো বাধা আছে কি না, তা নিয়ে তিনি শতভাগ নিশ্চিত নন।
মিয়ামিতে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি পরবর্তী নির্বাচনের জন্য প্রচুর অর্থ সংগ্রহ করেছি। তবে মনে হচ্ছে, এই অর্থ আমি নিজের জন্য ব্যবহার করতে পারব না। যদিও আমি পুরোপুরি নিশ্চিত নই। কারণ, সত্যি বলতে, আমি জানি না... আমার মনে হয়, আমাকে আবার লড়তে দেওয়া হবে না।’
ট্রাম্পের এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। এরপর তিনি কংগ্রেসের হাউস স্পিকার মাইক জনসনের দিকে তাকিয়ে বলেন, ‘আমি নিশ্চিত নই, আমার কি আবার প্রতিদ্বন্দ্বিতার অনুমতি আছে? মাইক, এই বিষয়ে আপনাকে জড়ানোই ভালো হবে।’
মাত্র এক সপ্তাহ আগে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যক্তি, যিনি মাঝের একটি মেয়াদ বাদ দিয়ে দুবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধানে কোনো প্রেসিডেন্টের শাসনকাল সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ রাখার বিধান রয়েছে। ১৯৫১ সালে সংবিধানের ২২তম সংশোধনী পাসের মাধ্যমে এ বিধান যুক্ত করা হয়। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত অভূতপূর্বভাবে চার মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর এ পরিবর্তন আনা হয়।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন