বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীফাইল ছবি
মুক্তিযুদ্ধকে খাটো করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না: রিজভী
জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের একটি প্রকাশনায় (ছাত্র সংবাদ) মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হয়েছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "মুক্তিযুদ্ধকে খাটো করে, তাচ্ছিল্য করে যদি কেউ রাজনীতি করতে চায়, তাহলে সেই রাজনীতি কখনোই সফল হবে না।"
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ।
রিজভী আরও বলেন, "আমরা লক্ষ্য করছি, মুক্তিযুদ্ধের বিকল্প সৃষ্টি করার চেষ্টা চলছে, ৫ আগস্টকে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু মানুষ এটা মেনে নেবে না। ৫ আগস্ট ছিল এক দুনিয়া কাঁপানো গণ-অভ্যুত্থান, যার বার্তা ও বৈশিষ্ট্য স্বতন্ত্র। আর একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল আরও বৃহৎ একটি সংগ্রাম, যেখানে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন। মুক্তিযুদ্ধকে খাটো করে অন্য কিছু বড় করার চেষ্টা কখনোই সফল হবে না।"
তিনি বিশেষ করে তরুণদের উদ্দেশে বলেন, "কিছু তরুণ আন্দোলনের মধ্যে মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করছে, যা খুবই গর্হিত ও অগ্রহণযোগ্য।"
শাসনব্যবস্থা নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, "গোষ্ঠীতন্ত্র কখনোই টেকসই হতে পারে না। বর্তমান সরকারব্যবস্থা যেন এক ধরনের জমিদারতন্ত্রের নিকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার শাসনব্যবস্থা ব্যক্তিকেন্দ্রিক, যেখানে পরিবারের সদস্যরাই সবকিছু, আর জনগণ অবহেলিত।"
সরকারের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, "শোনা যাচ্ছে, শেখ হাসিনা বিদেশ থেকে বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করেন। আর যারা এখন কারাগারে আছেন, তাঁদের মধ্যেও একজন আছেন, যিনি ঝাড়ফুঁকের মাধ্যমে আন্দোলনের ভবিষ্যদ্বাণী করছেন।"
সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, "সংস্কারের কথা বলা হচ্ছে, তবে এটি এমনভাবে হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদী শাসন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। সংস্কারের নামে দীর্ঘ সময় নষ্ট করার প্রয়োজন নেই।"
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন