স্ত্রী বার্তায় জানিয়েছিলেন, তিনি ২০ মিনিটের মধ্যে বিমানবন্দরে নামবেন।
যুক্তরাষ্ট্রের রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে স্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষায় ছিলেন হামাদ রাজা। তিনি জানান, স্ত্রীর জন্য বিমানবন্দরে অপেক্ষারত অবস্থায় আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনার খবর পান। ওই উড়োজাহাজের যাত্রীদের মধ্যেই ছিলেন তাঁর স্ত্রী।
স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটন ডিসির রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে একটি উড়োজাহাজ ও একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে নদীতে বিধ্বস্ত হয়, পাশাপাশি হেলিকপ্টারটিও নদীতে পড়ে। এ ঘটনায় অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ, এক পুলিশ কর্মকর্তার বরাতে।
উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর হামাদ রাজা সিবিএস নিউজকে বলেন, ‘সে (স্ত্রী) আমাকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানিয়েছিল, ২০ মিনিটের মধ্যে বিমানবন্দরে নামবে। এখন আমি শুধু প্রার্থনা করছি, কেউ যেন তাকে নদী থেকে উদ্ধার করে।’
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি বিমানবন্দরের সীমানা ঘেঁষা পটোম্যাক নদীতে পড়েছে। উদ্ধার অভিযান চালাতে ডুবুরিরা নদীতে অনুসন্ধান করছেন।
আমেরিকান এয়ারলাইনসের আঞ্চলিক ওই যাত্রীবাহী উড়োজাহাজে ৬৪ জন আরোহী ছিলেন, যার মধ্যে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু। অন্যদিকে, সংঘর্ষে জড়িত মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিলেন তিনজন সেনাসদস্য।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, যাত্রীবাহী উড়োজাহাজটি কানসাস থেকে রওনা দিয়ে ওয়াশিংটন ডিসির রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল।
দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সব ধরনের উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন